নাজমুল হোসেন শান্তর দারুণ সেঞ্চুরি আর মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ তামিম দ্রুত আউট হলে চাপ তৈরি হয়। সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটি তুলে নেওয়ার পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান তিনি।
লিটন দাস ৯১ বলে ৭৬ রান করে আউট হলেও শান্ত ইনিংস ধরে রাখেন। শেষ পর্যন্ত ১১৪ বলে ১০৫ রান করে আউট হন তিনি। তাওহীদ হৃদয় অপরাজিত ৩৩ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। মোস্তাফিজুর রহমানের আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ডিন ফক্সক্রফট ৭৫ ও নিক কেলি ৫৯ রান করলেও দলকে জেতাতে পারেননি। ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় কিউইরা।
বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ৫ উইকেট শিকার করেন। নাহিদ রানা ও মেহেদী মিরাজ নেন ২টি করে উইকেট।
এই জয়ের মাধ্যমে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ। আগামী সোমবার একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
Leave a Reply
You must be logged in to post a comment.