বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মো. আশরাফুজ্জামান, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মো. মনিরুল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, পুলিশ অধিদফতরের ডিআইজি মাহফুজুর রহমান ও শামীমা বেগম, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও এপিবিএনের ডিআইজি সালমা বেগম, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন এবং রংপুর রেঞ্জে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী তাদের অবসর প্রদান করা হয়েছে। এই ধারায় উল্লেখ রয়েছে, চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার যেকোনো সময় কোনো কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অবসরে পাঠাতে পারে।
এতে আরও জানানো হয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী সব ধরনের অবসরজনিত সুবিধা পাবেন। এই সিদ্ধান্তকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.