দেশজুড়ে তীব্র গরমে নাকাল জনজীবন। রাজশাহী বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আর খুলনাসহ মোট ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী জেলার পাশাপাশি বিভাগের অন্যান্য এলাকা এবং খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় তাপপ্রবাহ চলছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে।
পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবারও দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রোববার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে শুরু করতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.