ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান জানান, নির্বাচনী বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর সংসদ নির্বাচনে অংশ নিতে হলে অন্তত তিন বছর অতিবাহিত হওয়া বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না করায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এর আগে বুধবার তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিল করা হয়।
এদিকে, নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন, বিএনপি জোটের জমা দেওয়া সবগুলো মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। ১১ দলীয় জোটের জমা দেওয়া ১৩টি মনোনয়নের মধ্যে একটি বাতিল হয়েছে। এছাড়া স্বতন্ত্র জোটের একটি মনোনয়নপত্রও গৃহীত হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। এরপর ২৭ ও ২৮ এপ্রিল আপিল শুনানি অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে।
Leave a Reply
You must be logged in to post a comment.