চলতি মৌসুমে মোট ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন গম।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একইভাবে ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে।
ধান-চালের পাশাপাশি গম সংগ্রহের ক্ষেত্রেও একই সময়সীমা অনুসরণ করা হবে। প্রয়োজনে এই সময়সীমা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
ক্রয়মূল্য নির্ধারণে বোরো ধানের দাম কেজিপ্রতি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধ চালের জন্য কেজিপ্রতি ৪৯ টাকা এবং আতপ চালের জন্য ৪৮ টাকা নির্ধারিত হয়েছে। গমের ক্ষেত্রেও কেজিপ্রতি ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত ফুড প্ল্যানিং মনিটরিং কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
তিনি বলেন, দেশে গম সংগ্রহে সরকার সবসময় প্রত্যাশিত সাড়া পায় না। অভ্যন্তরীণ উৎপাদন থাকলেও কৃষকরা সাধারণত সরকারের কাছে গম বিক্রিতে কম আগ্রহী। দেশের মোট গমের চাহিদা প্রায় ৮০ লাখ মেট্রিক টন, যার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
গম আমদানির ক্ষেত্রে ওপেন টেন্ডার বা সরকার-টু-সরকার পদ্ধতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রাখার সক্ষমতা রয়েছে সরকারের। বর্তমানে দেশে চালের মজুত রয়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ মেট্রিক টন, যা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.