বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখন থেকে সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—হাইকোর্ট বিভাগ-এ বিচারকাজ চলবে ভার্চুয়ালি।
রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’-এর আওতায় এবং আদালতের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রমও শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য মোট ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
এই উদ্যোগের ফলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থার ব্যবহার আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply
You must be logged in to post a comment.