হজযাত্রীদের সেবা দেওয়ার কথা বলে কোটি কোটি টাকা ব্যয়ে একদল কর্মকর্তাকে সৌদি আরব পাঠানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এই উদ্যোগকে ‘বিলাসিতা’ হিসেবে আখ্যা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
জানা গেছে, বিমানের ৩৫ জন কর্মকর্তা প্রায় দুই মাসের জন্য সৌদি আরবে অবস্থান করবেন। এ জন্য ব্যয় হবে ৮ কোটি টাকারও বেশি। প্রতিদিন প্রত্যেক কর্মকর্তাকে প্রায় ৩২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই বহরের নেতৃত্বে থাকবেন গ্রাহক সেবা বিভাগের পরিচালক বদরুল হাসান লিটন।
বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা দাবি করেছেন, হজযাত্রীদের বিপুল চাপ সামাল দিতে কর্মকর্তার সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিল। তিনি বলেন, প্রায় ৪০ হাজার হজযাত্রীর সেবা নিশ্চিত করা সহজ কাজ নয়, তাই এই সফর প্রয়োজনীয়।
তবে গত বছর হজ কার্যক্রমে এমন কোনো কর্মকর্তা পাঠানো হয়নি, তবুও বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং ব্যয়ও তুলনামূলক কম ছিল।
এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানবলেন, কিছু অসাধু কর্মকর্তাকে সুবিধা দিতে হজের নামে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি করা হচ্ছে। এটি জনগণের অর্থের অপচয় এবং এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনা উচিত।
এদিকে বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ব্যয়ের ক্ষেত্রে আরও সতর্ক ও স্বচ্ছ হওয়ার পরামর্শ দিয়েছেন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে যাচ্ছেন। এর মধ্যে ১২৮টি ফ্লাইটে প্রায় ৩৯ হাজার ৬৫০ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট কার্যক্রম।
Leave a Reply
You must be logged in to post a comment.