প্রাণঘাতী ‘পেন গান’-এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)। সময় টেলিভিশনের একটি অনুসন্ধানী প্রতিবেদনকে আমলে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির ক্রাইম কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন এক কর্মকর্তা। তিনি জানান, ওই বৈঠকে সময় টেলিভিশনে প্রচারিত ‘পেন গান’ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এর ভিত্তিতে ডিএমপির সব ইউনিটকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সারওয়ার নির্দেশ দিয়েছেন, এই অস্ত্র ব্যবহার করে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নতুন ধরনের অপরাধ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে দিকেও গুরুত্ব দিতে বলা হয়েছে।
‘পেন গান’ দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি আসলে একটি অত্যাধুনিক ছোট আগ্নেয়াস্ত্র, যা সহজেই গোপনে বহন করা যায়। সম্প্রতি এমন একটি অস্ত্র রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তে জানা গেছে, গত ৪ এপ্রিল পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে যুবদল সদস্য রাসেলের ওপর হামলায় এই পেন গান ব্যবহার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, দোকানসংক্রান্ত বিরোধের জেরে তাকে ডেকে নিয়ে গুলি করা হয়।
এ ঘটনায় শুটার সায়মন গ্রেপ্তার হওয়ার পর সোহেল ওরফে কাল্লুকেও আটক করা হয়। পরে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো পাঁচটি অংশ উদ্ধার করা হয়, যা জোড়া লাগিয়ে তৈরি করা হয় পেন গানটি।
গোয়েন্দা পুলিশ এখন খতিয়ে দেখছে, প্রতিবেশী দেশে তৈরি এই ধরনের অস্ত্র কীভাবে বাংলাদেশে প্রবেশ করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.