সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুবাই এয়ার শো–এ প্রদর্শনী উড়ানের সময় ভারতের একটি তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় ভেঙে পড়ে। এতে বিমানের পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। ঘটনা ঘটে শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ‘হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)–এর তৈরি তেজস বিমানটি দর্শকদের জন্য প্রদর্শনীমূলক উড়ান পরিচালনা করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হলে বিমানবন্দরের আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
পিটিআই-এপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং মাটিতে আঘাত করার পর আগুন ধরে যায়।
এক বিবৃতিতে আইএএফ জানিয়েছে—
“দুবাই এয়ার শোতে প্রদর্শনী চলাকালে তেজস বিমানটি দুর্ঘটনায় পড়ে। দুর্ভাগ্যজনকভাবে পাইলট প্রাণ হারিয়েছেন। ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করছে এবং নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল গঠন করা হবে।”
গত সোমবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া পাঁচদিনব্যাপী দুবাই এয়ার শোতে ২১টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। শেষ দিনের সূচি অনুযায়ী স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট থেকে তেজসের প্রদর্শনী হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।