রাশিয়ার দক্ষিণ মস্কোতে একটি গাড়িবোমা বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
রুশ তদন্তকারীরা জানিয়েছেন, হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সম্পৃক্ততা রয়েছে কি না—সে সম্ভাবনাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।
এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতার কথাও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনাগুলো ছিল ‘ফলপ্রসূ ও গঠনমূলক’। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এসব আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানে অগ্রগতি আসতে পারে।
অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী ক্রাসনোদার অঞ্চলে দুটি জাহাজ ও দুটি পিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রশাসন। হামলায় একটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।
যুদ্ধক্ষেত্রে হামলা ও পাল্টা হামলার পাশাপাশি চলমান কূটনৈতিক আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।