জম্মু–কাশ্মিরের শ্রীনগরের নওগাম থানা চত্বরে জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। ধসে গেছে ভবনের একাংশ, চারদিকে ছিটকে পড়ে মরদেহের অংশ। ঘটনাস্থলে চলছে উদ্ধার অভিযান ও ফরেনসিক তদন্ত।ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু–কাশ্মিরের শ্রীনগর শহরের নওগাম পুলিশ স্টেশনে জব্দ করা বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে ঘটে যাওয়া এই বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার আগে কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক, যার বড় অংশ ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। এসব বিস্ফোরক নওগাম থানায় পরীক্ষা-নিরীক্ষার সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে থানার একাংশ ধসে পড়ে এবং আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শক্তিতে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে, যা ঘটনাটিকে আরও হৃদয়বিদারক করে তোলে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি তৈরির চেষ্টা করেছিল, কিন্তু সঠিকভাবে সক্রিয় করতে না পারায় বিস্ফোরকগুলো অস্থিতিশীল অবস্থায় ছিল। আর সেই ত্রুটিই ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান এখনো চলছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞ দলও তদন্ত শুরু করেছে।