যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হতে এখনো এক বছরও বাকি নয়, কিন্তু হোয়াইট হাউসের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকান দলের ভেতরে এখন ‘ট্রাম্পের উত্তরসূরি’ হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নামই সবচেয়ে আলোচিত ও সম্ভাবনাময়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে জেডি ভ্যান্সই সবচেয়ে এগিয়ে।
তিনি বলেন,
“ভ্যান্স রাজি হলে আমি নিজেও তাকে সমর্থন করবো। দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তারই সুযোগ সবচেয়ে বেশি।”
রুবিও আরও জানান, ট্রাম্প নিজেও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন—ভ্যান্স ও রুবিওর মধ্যে তার সম্ভাব্য উত্তরসূরি রয়েছেন।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ভোট দেওয়া রিপাবলিকান ভোটারদের ৩৫ শতাংশই চান ভ্যান্স হোন ২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থী।
অন্যদিকে, রুবিওর পক্ষে মাত্র ২ শতাংশ সমর্থন পাওয়া গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি স্পষ্টভাবে দেখায় যে “মেক আমেরিকা গ্রেট এগেইন (MAGA)” আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে রিপাবলিকান ঘরানার ভোটাররা এখন ভ্যান্সের ওপরই আস্থা রাখছেন।
দুজনেই আগে সিনেটের সহকর্মী ছিলেন এবং প্রতিরক্ষা খাতসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে একসঙ্গে কাজ করেছেন।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বও গভীর—তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন।
একটি পডকাস্ট সাক্ষাৎকারে ভ্যান্স রুবিওকে “আমার প্রশাসনের সেরা বন্ধু” হিসেবে উল্লেখ করেছিলেন।
এই ঘনিষ্ঠতা অনেকের মতে, রিপাবলিকান দলের অভ্যন্তরে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তনের এক নতুন সমীকরণ তৈরি করছে।
ট্রাম্পের রাজনৈতিক দর্শন ও নীতি অনুসারীদের জন্য জেডি ভ্যান্স এখন ‘MAGA প্রজন্মের উত্তরসূরি’ হিসেবে আবির্ভূত হচ্ছেন।
যদিও ট্রাম্প প্রকাশ্যে এখনো কাউকে মনোনীত করেননি, দলীয় মহলে অনেকেই মনে করছেন—
“২০২৮ সালে হোয়াইট হাউসের চাবি হস্তান্তরের জন্য ট্রাম্পের পছন্দের ব্যক্তি হবেন জেডি ভ্যান্স।”