গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। শনিবার (৮ নভেম্বর) গাজার কেন্দ্রীয় বুরেইজ শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি পুরুষকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া উত্তর ও দক্ষিণ গাজায় আরও দুইজনকে হত্যা করা হয়েছে।
এদিকে, হামাস দাবি করেছে তারা দক্ষিণ রাফাহর একটি সুড়ঙ্গ থেকে নিহত ইসরাইলি সেনা হাদার গোলদিনের মরদেহ উদ্ধার করেছে। গোলদিন ২০১৪ সালের যুদ্ধে নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হয়।
অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের ফারাআ শরণার্থী শিবিরে (টুবাসের দক্ষিণে) ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু তাই নয়, পশ্চিম তীরজুড়ে ইসরাইলি বসতি স্থাপনকারীরা স্থানীয় ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলা চালিয়ে তাদের জমি দখল ও ফসল নষ্ট করছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের যুদ্ধ এখন পর্যন্ত ৬৮ হাজার ৮৭৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৭৯ জন। অপরদিকে, হামাসের ৭ অক্টোবর ২০২৩ সালের আক্রমণে ইসরাইলে নিহত হয় ১,১৩৯ জন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।
গাজায় মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, তবুও আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে ইসরাইলি বাহিনী তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।