মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে”।
ইরানের অভিযোগ, তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা ‘পাইরেসি’ বা জলদস্যুতা হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান লেনদেন পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ “পূর্ণ শক্তিতে” বহাল থাকবে।
তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, লেবাননে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষিতে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি “সম্পূর্ণ উন্মুক্ত” রয়েছে এবং নির্ধারিত রুটে চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে লেবানন-এ ১০ দিনের যুদ্ধবিরতির প্রথম দিনে হাজার হাজার মানুষ নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই সময়ে ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে “বিরত” থাকতে বলা হয়েছে।
বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.