দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল অগ্নিপরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। এই পরীক্ষা নির্ভুল আঘাত হানার সক্ষমতা ও সামরিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ প্রদর্শন বলে জানিয়েছে আন্তঃ-সেবা জনসংযোগ (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি উচ্চ গতিতে ও দীর্ঘ পাল্লা থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে, যা অপারেশনাল প্রস্তুতির একটি দৃঢ় প্রমাণ।
এই পরীক্ষাটি সরাসরি পর্যবেক্ষণ করেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ, যিনি জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক দিকনির্দেশনা ব্যবস্থা ও উন্নত নিয়ন্ত্রণ প্রযুক্তিতে সজ্জিত। ফলে এটি হুমকি এড়িয়ে চলতে, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।
এই সফল পরীক্ষা দেশটির প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক সক্ষমতার সমন্বয়কে তুলে ধরে এবং একটি শক্তিশালী সমুদ্রভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।
এ অর্জনের জন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ শীর্ষ নেতারা সংশ্লিষ্ট ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে চলতি বছরের শুরুতেপাকিস্তান বিমান বাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘তৈমুর’ অস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায়, যা প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
Leave a Reply
You must be logged in to post a comment.