আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সামান্য তাপমাত্রা হ্রাসেরও সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে—
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং
বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে অধিদফতর।
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ স্থানে, আর ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে, এর পরবর্তী দিনগুলোতে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।