মশক নিয়ন্ত্রণে বর্তমানে ব্যবহৃত কীটনাশক কার্যকর হলেও বিকল্প ওষুধের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আবদুস সালাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসক। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজার সংলগ্ন সড়কের নামকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমান ব্যবহৃত ওষুধ ইতোমধ্যে পরীক্ষা করে কার্যকর বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় বিকল্প ওষুধ কেনার সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মৌসুম আসায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে সিটি করপোরেশন।
আবদুস সালাম বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে জন্মায় ও বংশবিস্তার করে। তাই মশার উৎস ধ্বংস করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এজন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিকল্প হিসেবে কয়েকটি ওষুধের প্রস্তাব পাওয়া গেলেও সংশ্লিষ্ট অনুমোদনকারী প্রতিষ্ঠানের ছাড়পত্র না থাকায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। একই সঙ্গে মশা নিধন কার্যক্রম জোরদার করতে আরও ফগার মেশিন কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.