রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। কখনো হুমকি, কখনো প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কোনো স্পষ্ট সমাধানের দিকে অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
মস্কোয় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরান আগেও এমন প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে এবং তাই তাদের অবস্থান এখন অনেকটাই সতর্ক ও সন্দিহান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানো ও পরবর্তী পদক্ষেপ নিয়ে পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে ইরানের প্রতিনিধিদল না যাওয়ায় সেই আলোচনা ভেস্তে যায়। এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে রাশিয়া বলেও জানান ল্যাভরভ।
তিনি বলেন, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনশীল এবং স্বল্প সময়ের মধ্যেই বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
ল্যাভরভ উল্লেখ করেন, ২০১৫ সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন এর মতো কোনো চুক্তিতে পৌঁছানো গেলে তা বড় সাফল্য হবে। ওই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের কথা ছিল।
তবে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন, যার ফলে চুক্তিটি কার্যত ভেঙে পড়ে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
ল্যাভরভের ভাষায়, “হুমকি ও প্রতিশ্রুতি আমরা দেখছি, কিন্তু বাস্তব অগ্রগতি দেখছি না।” বিশ্লেষকদের মতে, এই মন্তব্য বর্তমান আন্তর্জাতিক কূটনীতির জটিল বাস্তবতাকেই তুলে ধরে।
বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি এবং বিশ্ব শক্তিগুলোর ভূমিকাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে নতুন কোনো সমঝোতা হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.