বাংলাদেশ জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানএর দলে ফেরা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে তার খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন করে গুঞ্জন।
২০২৪ সালের ভারত সফরের পর আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি সাকিবকে। রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি দলের বাইরে রয়েছেন। যদিও গত এক বছরে তার প্রত্যাবর্তন নিয়ে বহু আলোচনা হয়েছে, এখনো তা বাস্তবে রূপ নেয়নি।
কয়েক মাস আগে দেশের মাটিতে খেলেই অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। কিন্তু নানা বাস্তবতার কারণে তখন বিষয়টি এগোয়নি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।
সাকিবকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা এখনো রয়ে গেছে। ধারণা করা হয়েছিল পাকিস্তান সিরিজেই তিনি ফিরতে পারেন, কিন্তু জটিলতা না কাটায় তা সম্ভব হয়নি।
নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আবারও প্রশ্ন উঠেছে—এই সিরিজে কি দলে দেখা যাবে সাকিবকে?
এ প্রসঙ্গে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন,
“আমি আশা করছি এই সময়ের মধ্যে সে ফিরে আসতে পারবে। সে ফিরলে দলে অবশ্যই ভ্যালু যোগ হবে এবং সুযোগও পাবে।”
অন্যদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-সহ দলের কয়েকজন ক্রিকেটারও সাকিবের দ্রুত প্রত্যাবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, সাকিব দলে থাকলে দলের পারফরম্যান্স আরও শক্তিশালী হবে।
বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সাকিবের আইনি জটিলতা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায়, নিউজিল্যান্ড সিরিজে সাকিবের খেলা এখনো অনিশ্চিতই রয়ে গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.