ফ্যামিলি কার্ড কর্মসূচিকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে যাদের এই সুবিধার প্রয়োজন নেই, তারা যেন এই কার্ড গ্রহণ না করেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিকেলে অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা অধিদফতর–এর উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণ করেন তিনি। এরপর সুধী সমাবেশে অংশ নেন।
সমাবেশে তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, যে কাজ গত ১৭ বছরে করা সম্ভব হয়নি, তা এক বা দেড় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা সরকারকে ভোট দিয়েছেন কিংবা দেননি—এই সরকার সবার। তিনি দেশবাসীকে অস্থির না হয়ে ধৈর্য ধরে একসঙ্গে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.