ঈদের ছুটির সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৈঠকে দেওয়া নির্দেশনার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে যে অস্থিরতা দেখা দেয়, তা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট মন্ত্রীদের কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বৈঠকে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ, যা পরবর্তীতে সংসদে পাসের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত নিরূপণের জন্য কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.