প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকার আগামী তিন মাসের মধ্যে দেশের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার চেষ্টা করছে। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশান–এ নাগরিক প্লাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে শিক্ষা খাত নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যেই শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমানে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে আবারও পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে কোনো সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য এত দ্রুত পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু বর্তমান সরকার মাত্র ২৮ কর্মদিবসের মধ্যেই ফ্যামিলি কার্ড চালু, খাল খননসহ ইশতেহারে উল্লেখিত বিভিন্ন বিষয়ে কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় শিক্ষা খাতেও দ্রুত কাজ এগিয়ে নেওয়া হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, শিক্ষকদের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
আলোচনা সভায় নাগরিক প্লাটফর্মের কোর গ্রুপ সদস্য রাশেদা কে চৌধুরী বলেন, কারিকুলামে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার শিক্ষার ব্যবস্থাও রাখা প্রয়োজন। একই সঙ্গে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করার আগে এ বিষয়ে আরও জরিপ করা দরকার বলে মত দেন তিনি।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার দায়িত্বও শিক্ষা মন্ত্রণালয়–কেই যথাযথভাবে পালন করতে হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.