নেপালে ‘জেন-জি’ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি-কে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও আটক করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত সহিংস আন্দোলনে প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ ওঠে। একটি তদন্ত প্যানেল এ ঘটনায় মামলা চালানোর সুপারিশ করার পরই এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, শনিবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়নি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ‘জেন-জি’ আন্দোলনে প্রায় ৭০ জনের বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভে রূপ নেয়। অনেক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, অভ্যুত্থানের নেতা বলেন্দ্র শাহ একদিন আগেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের সূচনা।”
Leave a Reply
You must be logged in to post a comment.