১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে অন্য কোনো ইতিহাসের তুলনা হয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “সবার আগে ’৭১, এরপর সবকিছু”—একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে সংবিধানের প্রস্তাবনায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে সমানভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন, তবে একাত্তরের ইতিহাসের গুরুত্ব আলাদা এবং তা কখনোই সমতুল্য নয়।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, যা মুক্তিযুদ্ধের সূচনা হিসেবে দালিলিকভাবে প্রমাণিত।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার দীর্ঘদিন ধরে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং রাজনৈতিক স্বার্থে একক কৃতিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে। বিএনপি সকলের অবদানকে স্বীকৃতি দিতে চায় বলে উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যাত্রা শুরু হয়, যা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।
২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র পুনর্গঠনের কাজ এখনো বাকি। একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.