শেরপুর শহরে একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ২৫ হাজার লিটার ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন।
অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত করা হচ্ছিল, যা ভবনে বসবাসরতদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং একদিনের মধ্যে সব তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ মজুত ও বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে তেল অপসারণ নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, তেল সরানোর সময় প্রশাসনের নজরদারি থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য লাইসেন্সও যাচাই করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.