ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রায় চার সপ্তাহ পর তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছে তেহরান। ছবিতে দেখা গেছে, মৃত্যুর ঠিক আগে তিনি পবিত্র কোরআন তেলাওয়াতে নিমগ্ন ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় রাজধানী তেহরানে খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, হামলার সময় তিনি তার কার্যালয়ে সরকারি দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (২৭ মার্চ) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের বরাতে জানা যায়, প্রকাশিত ছবিটি তার কার্যালয়ের সিসিটিভি থেকে নেওয়া। এতে দেখা যায়, মাথায় কালো পাগড়ি ও গায়ে আলখাল্লা পরিহিত অবস্থায় গভীর মনোযোগে কোরআন তেলাওয়াত করছেন তিনি।
খামেনির মৃত্যুর পর ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। ইরান সরকার যুদ্ধবিরতির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধে অগ্রগতির দাবি করেছেন। একই সময়ে ইসরাইল লেবাননে সামরিক অভিযান জোরদার করেছে এবং ইরানের মিত্র হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা কাঠামোয় সাময়িক শূন্যতা তৈরি হলেও দ্রুতই নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। তার ছেলে মোজতবা খামেনি এখন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চলমান সংঘাতে নেতৃত্ব দিচ্ছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.