ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। একই সঙ্গে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
সংসদ অধিবেশনে স্পিকার পদে নির্বাচনের জন্য একমাত্র মনোনয়ন জমা পড়ার বিষয়টি জানান সংসদ সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা গৃহীত হয় এবং হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে, ডেপুটি স্পিকার পদেও একমাত্র মনোনয়ন জমা পড়ে বলে জানান সংসদ সভাপতি। প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় এবং কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
এর আগে অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
সভাপতির নাম ঘোষণার পর ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.