ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার হলেও মূল পরিকল্পনাকারী ও সহযোগীরা এখনো ধরা পড়েনি।
সোমবার (৯ মার্চ) রাজধানীর শাহবাগ–এ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এসব অভিযোগ করেন।
তিনি বলেন, হাদি হত্যার বিচার নিয়ে বর্তমান প্রশাসনের ওপর তাদের আস্থা নেই। এ কারণে জাতিসংঘের মাধ্যমে পৃথক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
আব্দুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার আগে থেকেই এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে জাতিসংঘ–এর কাছে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। তাই নিরপেক্ষতার স্বার্থে বর্তমান সরকারকে সেই উদ্যোগ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও দাবি করেন, বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জাতিসংঘের মাধ্যমে জনগণকে অবহিত করা উচিত।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের কটূক্তি ও পুলিশের আচরণ নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিচার প্রক্রিয়ার ওপর তাদের আস্থা কমেছে।
তাই দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
Leave a Reply
You must be logged in to post a comment.