পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এ অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, সভায় প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে এবং ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
সরকার আগেই চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছিল। ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা ছিল।
এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তার পরদিন ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সেদিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।
এদিকে ঈদের ছুটির পর যদি ২৪ ও ২৫ মার্চ ছুটি সমন্বয় করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারেন। কারণ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.