বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ। নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় নতুন দায়িত্ব গ্রহণের জন্য তিনি উভয়কে অভিনন্দন জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষভাবে নিরাপত্তা সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে একে অপরকে সহায়তা করতে পারে, সে বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়।
সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি রাষ্ট্রদূত তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।’
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে।
অন্যদিকে, বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করে না ঢাকা। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের আস্থা রয়েছে।