ছোট লক্ষ্য দিয়েও দারুণ বোলিং নৈপুণ্যে পাকিস্তান নারী ‘এ’ দলকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৫৪ রানের বড় ব্যবধানে জয় পায়।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ করে ১১১ রান। লক্ষ্য খুব বড় না হলেও দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান নারী ‘এ’ দলকে মাত্র ৫৬ রানে অলআউট করে দেয় ফাহিমা খাতুন বাহিনী। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুনের ঘূর্ণিতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
মাত্র ৮ রানেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তৃতীয় উইকেটে শাওয়াল জুলফিকার ও ওমাইমা সোহাইলের জুটিতে সর্বোচ্চ ১৪ রান আসে। এই জুটির জুলফিকারই দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন।
পাকিস্তানের হয়ে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার—
হাফসা খালিক ১৫ বলে করেন ১২ রান এবং ইউসরা আমির ১৮ বলে করেন ১১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। তিনি মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। সমান রান দিয়ে ফাহিমা খাতুন নেন ২ উইকেট।
এর আগে ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ফাহিমা খাতুন। ৩৯ রানে ২ উইকেট পড়ার পর ক্রিজে নামেন তিনি। ৪৪ রানে আরেকটি উইকেট পড়লেও ফাহিমা লতা মণ্ডলের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন। লতার রান ছিল মাত্র ৫। এরপর স্কোরবোর্ডে আরও ৩৬ রান যোগ হয়। ফাহিমা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
তিনি ৩২ বলে ৪০ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার।
এই জয়ের ফলে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত নারী ‘এ’ দল। প্রথম সেমিফাইনালে ভারত নারী ‘এ’ দল শ্রীলঙ্কা নারী ‘এ’ দল-কে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ব্যাংককে অনুষ্ঠিত এই নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের এমন পারফরম্যান্সে ফাইনাল নিয়ে আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.