আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার এলাকাজুড়ে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো এলাকাকে ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
তিনি আরও জানান, শুধু ঢাকাই নয়, সারাদেশে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের স্থানগুলোতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে বলে তিনি উল্লেখ করেন।
র্যাব মহাপরিচালক বলেন, এখন থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কর্মসূচি পালন করতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শান্তিপূর্ণ পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপিত হবে।