প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকাল ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরে এক মিনিট নিরবতা পালন করেন।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি সম্মান জানান।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এটি নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিকেল ৪টায় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সাজানো হয়। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি ও প্রহরায় নিয়োজিত থাকেন।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
Leave a Reply
You must be logged in to post a comment.