জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানাই।”
আরেক পোস্টে তিনি লেখেন,
“বাংলাদেশের নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”
এর আগে একই দিন সকালে এক্সে দেওয়া আরেক পোস্টে মোদি বলেন,
“বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন।”
তিনি আরও বলেন,
“এই জয় তার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।”
ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের আসন্ন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন,
“আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় পায়।
তথ্যসূত্র: PTI