দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের করা আবেদনের শুনানি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চেম্বার আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাহিদ ইসলামের দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন।
রিট খারিজের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, তারা এ বিষয়ে আপিল বিভাগে যাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমএ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী ড. এমএ কাইয়ুম।