দখলকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ অনুমোদন করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে—ফিলিস্তিনি ভূমি ইসরাইলি বসতি স্থাপনকারীদের কাছে বিক্রির প্রক্রিয়া সহজ করা এবং ফিলিস্তিনি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ইসরাইলি কর্তৃপক্ষের ক্ষমতা বাড়ানো।
ইসরাইলের এই সিদ্ধান্তকে বিপজ্জনক ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, এটি কার্যত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার (ডি ফ্যাক্টো সংযুক্তিকরণ) শামিল। পরিস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিম তীরে অবৈধভাবে ইসরাইলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়া এবং অবৈধ বসতি আরও শক্ত ভিত্তিতে দাঁড় করানো।
এদিকে, হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে—ইসরাইলি দখলদারিত্ব ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার করতে।
বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত পশ্চিম তীরের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং ফিলিস্তিন সংকটের রাজনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.