ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই পাকিস্তানকে ম্যাচটি খেলতে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে জানিয়েছেন, ম্যাচ না খেলার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে।
এই প্রেক্ষাপটে গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বিসিবির অভিযোগগুলোর সমাধানে একটি সম্ভাব্য ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে মহসিন নাকভি জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা সম্ভব কি না—তা নতুন করে বিবেচনা করা হবে। এ বিষয়ে আগামী দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে দিকনির্দেশনা নেওয়া হবে। ম্যাচটি খেলা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতির অগ্রগতি নিয়ে আজ বিকেলে পিসিবি, আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আবারও যোগাযোগ করবেন এবং পরবর্তী করণীয় ঠিক করবেন।
উল্লেখ্য, হ্যান্ডশেক বিতর্ক এবং বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাপ্রবাহের জেরে গত ১ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পুরো টুর্নামেন্ট বয়কটের ভাবনা থাকলেও পরে পাকিস্তান সরকার এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের বাদ পড়া এবং খেলায় ভারতের রাজনীতি টেনে আনার বিষয়টিকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.