দায়িত্ব শেষ হওয়ার আগেই নিজের সম্পদের পূর্ণ বিবরণী জমা দেবেন বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, উপদেষ্টা হিসেবে তিনি কোনো সরকারি গাড়ি কিংবা বাড়ি গ্রহণ করেননি এবং ক্ষমতার কোনো অপব্যবহারও করেননি। তার ভাষায়, “আমার সম্পদের বিবরণী ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দিয়ে দেবো।”
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আইন মেনেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা একই পদে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ২৩তম চেয়ারম্যান। তিনি স্পষ্ট করেন, তিনি একমাত্র চেয়ারম্যান নন এবং এটি কোনো ব্যতিক্রমী ঘটনা নয়।
বিমানে ডিজিটাল জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। এতে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।
হজ ফ্লাইট প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী পৌঁছে দেওয়ার পর বিমানের ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করা হবে। মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ পাবেন যাত্রীরা। এতে বিমানের অতিরিক্ত প্রায় ১২০ কোটি টাকা আয় হবে বলে তিনি জানান।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পর্কে তিনি বলেন, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি হচ্ছে। এই বাজার ধরে রাখা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেওয়া হলেও আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।
চুক্তি স্বাক্ষরের পর এর শর্তাবলি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখার লক্ষ্যেই নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি সম্পন্ন করছে অন্তর্বর্তী সরকার।
Leave a Reply
You must be logged in to post a comment.