আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও বিস্তারিত বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশীরউদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রফতানি হয়। এই গুরুত্বপূর্ণ বাজার ধরে রাখা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, এসব উড়োজাহাজ কিনতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেওয়া হলেও আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, চুক্তি স্বাক্ষরের পর এর সব শর্ত ও প্রাসঙ্গিক দিক জনগণের সামনে তুলে ধরা হবে। নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়টি নিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখার লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার এ উদ্যোগ নিয়েছে।
দায়িত্ব ছাড়ার আগে নিজের সম্পদের বিবরণী জমা দেবেন জানিয়ে শেখ বশীরউদ্দিন বলেন, তার সম্পদের হিসাব প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, তার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ২৩তম চেয়ারম্যান।
এ সময় তিনি জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন বলেও উল্লেখ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.