৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতিতে জড়িয়েছে, তারাই আজ বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে আসন্ন ১২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, “আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং পুরো বাংলাদেশের জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়েছি আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে বাংলাদেশকে দখলমুক্ত করার জন্য।” তার মতে, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে।
জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই মেনে নেবে না।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহের আরও বলেন, গণতন্ত্র ও সবার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।
জনসভা থেকে উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
শেষে কক্সবাজার-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হামিদুর রহমান আযাদ বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তাই তার প্রধান অগ্রাধিকার।
Leave a Reply
You must be logged in to post a comment.