বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন,
“ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বুধবার মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন,
“আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে যেতে অনুমতি না দেওয়ায় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি বোর্ডের ভোটে তা নাকচ হয়ে যায়। ওই ভোটে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও সিদ্ধান্তের বিরোধিতা করে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আগেই এই সিদ্ধান্তকে আইসিসির “দ্বৈত মানদণ্ড” বলে অভিহিত করেন। তার ভাষায়, এক দেশের ক্ষেত্রে এক নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে পাকিস্তানের এই অবস্থানের পর আইসিসি এক বিবৃতিতে দেশটিকে সতর্ক করে জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্বার্থের পাশাপাশি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সংস্থাটি পিসিবিকে সব পক্ষের স্বার্থ রক্ষা করে সংকট সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানায়।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষে পাকিস্তানের এই অবস্থান কেবল ক্রীড়াঙ্গনের নয়, বরং কূটনৈতিক অঙ্গনেও নতুন বার্তা দিচ্ছে। তবে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত টুর্নামেন্ট ও সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্ককে কোন দিকে নিয়ে যায়, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
Leave a Reply
You must be logged in to post a comment.