আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার—এমন মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রচলিত গুমের সংস্কৃতি প্রায় বন্ধ হলেও রাজনৈতিক বিবেচনায় এখনও হাজার হাজার মানুষ গণগ্রেফতারের শিকার হচ্ছেন। বিচার ছাড়াই অনেকে দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন এবং অনেক ক্ষেত্রে জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে।
এইচআরডব্লিউ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু রাজনীতিকরাই নন, রয়েছেন অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীরাও। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে হাজার হাজার মানুষকে অভিযুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধিকে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত মব সহিংসতায় অন্তত ১২৪ জনের মৃত্যুর তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
এছাড়া প্রতিবেদনে নারী নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীর প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।