জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান লেখেন,
“আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি থেকে যে হ্যাকিং করা হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, ন্যায়বিচার পাওয়া যাবে এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে এ ধরনের আইনি পদক্ষেপের বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অনেকেই সতর্ক হবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন,
“আশা করি এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। আমরা আইনের বাস্তব প্রয়োগ দেখতে চাই। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।”
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় জামায়াতে ইসলামী দাবি করে, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এ বিষয়ে দলটির নির্বাচনী প্রচার টিম সাধারণ ডায়েরি (জিডি) করে।
এর আগে, ৩১ জানুয়ারি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের প্রতি অবমাননাকর একটি পোস্ট ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.