ঋণ বিতরণে গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই এবং খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রফতানিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো যেন কেবল বড় ব্যবসায়ীদের পেছনে না ছুটে। অনুৎপাদনশীল খাত হলেও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকারের অধীনে কাজ করা কঠিন হলেও পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটা সম্ভব দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে, যদিও তা পুরোপুরি নয়। সামনে আরও কঠিন সময় আসতে পারে, সেজন্য এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রতিবন্ধকতা দেখা দিতে পারে, যা উপেক্ষা করার সুযোগ নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে নিয়মনীতি মেনে চলতে হবে এবং একই সঙ্গে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ হওয়ায়, এসব খাতের উন্নয়নে ব্যাংকগুলোর দায়িত্ব আরও বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.