গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় শিশুসহ অন্তত ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, শনিবার ভোর থেকে গাজা সিটি ও খান ইউনুস এলাকায় চালানো হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ছয়জন শিশু রয়েছে।
এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন রোববার দীর্ঘ আট মাস পর প্রথমবারের মতো মিসরের সঙ্গে গাজার সংযোগকারী রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা রয়েছে। গত বছরের মে মাসের পর থেকে রাফাহ ক্রসিং কার্যত বন্ধ ছিল।
গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা বলেছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেই এসব হামলা চালানো হচ্ছে।
#شاهد| لحظة قصف الاحتلال لمنزل آل رزق بصاروخين في حي النصر بمدينة غزة. pic.twitter.com/WFPE0CGAi4
— وكالة شهاب للأنباء (@ShehabAgency) January 31, 2026
সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৭৬৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪৮৩ জন। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা এবং মানবিক পরিস্থিতি চরম সংকটে পৌঁছেছে।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় দেশটিতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নেওয়া হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও এই ধরনের হামলা গাজায় মানবিক সংকটকে আরও গভীর করছে। বিশেষ করে শিশু ও নারীদের প্রাণহানি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।