রংপুরে নির্বাচনী প্রচারণায় গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে সর্বস্তরের জনগণকে সামনে আসতে হবে এবং নিয়মতান্ত্রিক পথে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণকে ঘর থেকে বেরিয়ে এসে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি। যেখানে দ্বিমত রয়েছে, তা প্রকাশ্যেই বলেছে। তিনি স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন।
উত্তরাঞ্চল প্রসঙ্গে তিনি বলেন, রংপুর বিভাগ অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। সঠিক ব্যক্তি ও সঠিক নেতৃত্ব পেলে এই অঞ্চল দ্রুত এগিয়ে যেতে পারে। আবু সাঈদের রক্তে ভেজা এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন তখনই সম্ভব হবে, যখন জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান।
দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী বিএনপিই একমাত্র দল, যারা দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে পারে। তিনি অভিযোগ করেন, একটি দল বিএনপি সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। এ সময় জামায়াতকে ইঙ্গিত করে বলেন, বিএনপি যদি খারাপ হতো, তবে কেন তাদের দুইজন মন্ত্রী জোট সরকারের অংশ ছিল—এই প্রশ্নের উত্তর দিতে হবে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রের জবাব দেওয়ার সময় এসেছে এবং জনগণকেই এই লড়াইয়ের মূল শক্তি হতে হবে।