নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেরি সার্ভিসের উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়ার নলচিরা–চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এ ফেরির উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। ফেরি চালুতে অবদানের দাবি নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে দুই দলের কর্মীরা। একপর্যায়ে পাল্টাপাল্টি স্লোগান থেকে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পরপরই নৌবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে যান। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে উভয় দল। এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, দাবি মানা না হলে থানা, এসপি ও ডিসি অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে।
অন্যদিকে, বিএনপিও তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে সংঘর্ষের দায় এনসিপির ওপর চাপিয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।