নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন মাল্টিমিডিয়া বাসটি কোনো দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের অনুকরণে নামানো হয়নি বলে স্পষ্ট করেছে দলটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাসটির উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা আলোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে এ ব্যাখ্যা দেওয়া হয়।
এ বিষয়ে সময় সংবাদকে জামায়াতের প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন,
“আমাদের এই প্রচারণা বাসের কার্যক্রম অন্য দলের বাসের বিপরীত। প্রচারণায় বৈচিত্র্য আনতে আমরা অনেক দিন ধরেই নানা পরিকল্পনা করছি। তারই অংশ হিসেবে এই মাল্টিমিডিয়া বাস।”
তিনি আরও জানান, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
বাসটি দলীয় প্রধান ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত ব্যবহারের জন্য কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“এটি কোনো নির্দিষ্ট নেতার জন্য নয়। প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও প্রয়োজন অনুযায়ী এই বাস ব্যবহার করতে পারবেন। এটি শুধুই প্রচারণা প্ল্যাটফর্ম।”
দলীয় সূত্র জানায়, বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জামের মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজ্যুয়াল বার্তা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। ফলে এটি একটি চলমান প্রচারণা মঞ্চ হিসেবেও কাজ করবে।
প্রযুক্তিগত দিক থেকে জানা গেছে, মাল্টিমিডিয়া বাসটি দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাইয়ের একটি জনপ্রিয় মডেলের ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞদের মতে, এটি হুন্দাই ইউনিভার্স নভেল (UXN সিরিজ) শ্রেণির একটি মিডি-সাইজ বাস। সাধারণত দীর্ঘ দূরত্বে আরামদায়ক যাত্রা ও বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য এ ধরনের বাস পরিচিত। এর শক্ত কাঠামোর কারণে ভেতরে ভারী মাল্টিমিডিয়া সরঞ্জাম সংযোজন করলেও নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় থাকে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে একটি লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে চলাচল করছেন। নিরাপত্তার জন্য বাসটির জানালায় বিশেষ বুলেটপ্রুফ কাঁচ ব্যবহার করা হয়েছে। এটি মূলত শীতাতপ নিয়ন্ত্রিত একটি মিনিবাস, যা তিনি নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে যাতায়াতে ব্যবহার করছেন।