ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি রাজশাহী ও উত্তরাঞ্চলের কৃষি ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র প্রকল্প পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত ১৭ বছরে সাধারণ মানুষের কল্যাণে উল্লেখযোগ্য কাজ হয়নি; বরং মেগা প্রকল্পের নামে হয়েছে মেগা দুর্নীতি। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার আমলে বিস্তৃত হয়েছিল, অথচ বর্তমানে তা কার্যত বন্ধ হয়ে গেছে। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করে খাল খনন ও পদ্মা নদী খননের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ করা হলে কৃষি, সেচ ও যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এর সুফল ভোগ করবে গোটা অঞ্চল। একই সঙ্গে রাজশাহীর বিখ্যাত আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার কথাও জানান তিনি।
উত্তরাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে তিনি প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
তার বক্তব্যে গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী ১২ তারিখে দেশ গণতন্ত্রের পথে থাকবে নাকি অন্য পথে যাবে—সেই সিদ্ধান্ত নেবেন জনগণ। গণতন্ত্র রক্ষা না করতে পারলে জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে এবং সংঘাত-সহিংসতায় যেতে চায় না। তিনি কারও সমালোচনায় না গিয়ে জনগণের কল্যাণকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আলোকে বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।