আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যশোর রিজিয়নের ১৮টি জেলায় প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান।
যশোর রিজিয়নের ১৮টি জেলায় ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনের জন্য প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
প্রতিটি উপজেলায় সর্বোচ্চ ৬ প্লাটুন মোতায়েন থাকবে।
নির্বাচনী এলাকায় ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হবে, যেখানে বিজিবি ‘মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ‘কে-নাইন’ ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ ‘কুইক রেসপন্স ফোর্স’ সর্বদা প্রস্তুত থাকবে। বিজিবি নির্বাচনে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।
বিজিবি ইউনিটগুলো নির্বাচনী এলাকায় রেকি সম্পন্ন করেছে এবং ‘ডমিনেশন পেট্রোল’ পরিচালনার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনছে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ ও নাশকতা রোধে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “ভোটাররা যাতে নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।”